আগামী ২ জুন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস।
এদিকে ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে ফিলিস্তিনকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ফিলিস্তিনের দাবি, কয়েকটি দেশের কূটনৈতিক চাপে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বর্তমানে দায়িত্বে না থাকায় তার পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।

